
কক্সবাজারের উখিয়ায় প্রাইভেটকারে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার এবং চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৭ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, বুধবার (২২ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার উখিয়া ব্যাটালিয়নের শীলখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ইঞ্জিনের পাশে বিশেষভাবে লুকিয়ে রাখা সাতটি ছোট পোটলা থেকে ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাদের নগর গ্রামের বাসিন্দা মো. ফরিদ (৪২)-কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
বিজিবি জানিয়েছে, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।